digitalizen.
অ্যাক্সেস গাইড

গুগল অ্যাক্সেস

গুগলের চারটা আলাদা টুল, আর প্রতিটার অ্যাক্সেস আলাদা করে দিতে হয়। ভালো দিক হলো চারটাতেই নিয়মটা এক, আপনি একটা ইমেইল ঠিকানাকে নির্দিষ্ট অনুমতি দেন, আর যখন খুশি সরিয়ে দেন।

কোন কোনটা লাগবে সেটা কাজের উপর নির্ভর করে। শুধু বিজ্ঞাপন চালাতে প্রথমটাই যথেষ্ট। ট্র্যাকিংয়ের কাজ থাকলে চারটাই লাগে।

কোন ইমেইলে অনুমতি পাঠাবেন সেটা WhatsApp এ চাইলেই দেওয়া হয়।

Google Ads

খুলুন ads.google.com, উপরে ডান দিকে Admin, তারপর Access and security.

প্লাস চিহ্নে ক্লিক করে ইমেইলটা বসান। অনুমতির স্তরে Standard বাছুন। এতে বিজ্ঞাপন বানানো, বদলানো আর খরচ দেখা যায়, কিন্তু অ্যাকাউন্টের মালিকানা আপনার হাতেই থাকে। Admin দেওয়ার দরকার নেই।

দাওয়াত পাঠানোর পর অন্য পাশ থেকে গ্রহণ করতে হয়, তারপর তালিকায় Pending থেকে সরে যায়।

আপনার Customer ID উপরে ডান কোণে থাকে, দশ অঙ্কের, তিন ভাগে ভাগ করা। ওটা WhatsApp এ পাঠিয়ে দিলে আমাদের দিক থেকে মিলিয়ে নেওয়া সহজ হয়।

গুরুত্বপূর্ণ। পেমেন্ট মেথড আপনার নিজের নামে রাখুন। বিজ্ঞাপনের টাকা সরাসরি আপনার কার্ড থেকে গুগলে যাবে, মাঝখানে কেউ থাকবে না। তাহলে প্রতিটা টাকার হিসাব আপনার নিজের অ্যাকাউন্টেই দেখা যায়।

Google Analytics, GA4

খুলুন analytics.google.com, নিচে বাঁ দিকে Admin.

Property র ঘরে Property access management এ যান, প্লাস চিহ্ন, তারপর ইমেইলটা বসান।

ভূমিকা বাছুন Editor. এতে কনভার্শন, অডিয়েন্স আর ডেটা স্ট্রিম ঠিক করা যায়। শুধু রিপোর্ট দেখানোর দরকার হলে Viewer ই যথেষ্ট, তবে তখন সেটআপের কাজ করা যাবে না।

Account স্তরে না দিয়ে Property স্তরে দিলে বাকি প্রোপার্টিগুলো ছোঁয়ার বাইরে থাকে, সেটাই নিরাপদ।

Google Tag Manager

খুলুন tagmanager.google.com, কন্টেইনারে ঢুকে Admin.

ডান পাশে User management, প্লাস চিহ্ন, ইমেইল বসান।

দুটো জায়গায় অনুমতি দিতে হয়। Account স্তরে User, আর Container স্তরে Publish. Publish না দিলে ট্যাগ বানানো যাবে কিন্তু লাইভ করা যাবে না, মানে কাজটা অর্ধেক হয়ে বসে থাকবে।

Search Console

খুলুন search.google.com/search-console, বাঁ দিকে নিচে Settings, তারপর Users and permissions.

Add user, ইমেইল বসান, অনুমতি Full. এতে সাইটম্যাপ জমা দেওয়া আর ইনডেক্সিং ঠিক করা যায়।

সাইটটা এখনো যাচাই করা না থাকলে আগে সেটা করতে হবে, সেটা সাধারণত আমরাই করে দিই, শুধু ডোমেইনের DNS এ একটা রেকর্ড বসানোর অনুমতি লাগে।

অ্যাক্সেস ফিরিয়ে নেবেন যেভাবে

চারটাতেই একই জায়গা, যেখান থেকে দিয়েছিলেন। ইমেইলের পাশে Remove. সাথে সাথে কার্যকর হয়।

ডেটা, ইতিহাস, কনভার্শন, সব আপনার অ্যাকাউন্টেই থেকে যায়।

যেসব জায়গায় মানুষ আটকায়

দাওয়াত Pending হয়ে বসে আছে। অন্য পাশ থেকে গ্রহণ করা বাকি। একটা মনে করিয়ে দেওয়া বার্তা দিলেই হয়।

ভুল ইমেইলে দাওয়াত গেছে। গুগল হুবহু ওই ঠিকানাটাই ধরে, এক অক্ষর এদিক ওদিক হলে কিছুই যায় না। বসানোর আগে একবার মিলিয়ে নিন।

Analytics এ Admin অপশনই দেখতে পাচ্ছেন না। আপনি নিজেই ওই প্রোপার্টিতে Administrator নন। যিনি প্রোপার্টিটা খুলেছিলেন তাঁকে লাগবে।

পুরোনো Universal Analytics খুঁজে পাচ্ছেন। ওটা অনেক আগেই বন্ধ, নতুন কাজ GA4 তেই হবে।